গোপন সংবাদের ভিত্তিতে নাটোরে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আসিফ মাহমুদ নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-নাটোর মহাসড়কের বেগম খালেদা জিয়া কলেজের সামনে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন-জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন। এ সময় সংস্থাটির এসআই আবুল কালাম আজাদ, এএসআই গোলাম রব্বানী, খালেদা খাতুন এবং সিপাহী মেহেদী হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন জানান, বিকেলে গোপন সংবাদে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আসিফ মাহমুদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।