বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি।
শুক্রবার বিকালে (১৪ আগষ্ট ) নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের অন্যতম অর্জন হলো বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। সরকার পরিবর্তনের পর পথে পথে আতঙ্ক, নাম পরিবর্তন ও প্রতিষ্ঠান দখলের রাজনীতি শুরু হওয়ার আশঙ্কা থাকলেও ৫ আগস্টের পর সরকার দেশে পাহারা দিয়েছে, যাতে আর কোনো লাশ না পড়ে। বর্তমান সরকার দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করছে এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের চেষ্টা করছে।
সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত ১৪টি বেসরকারি এতিমখানা ও ৭টি সমাজকল্যাণ সংস্থার মধ্যে মোট ৩০ লাখ ৩০ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগের সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। বিদ্যুৎ, গ্যাস, আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদকসহ বিভিন্ন সমস্যা নিয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। এসব সমস্যা থেকে দেশকে উত্তরণের চেষ্টা চলছে।
তিনি বলেন, ইতোমধ্যে ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে না; যারা যোগ্য, তারাই এ সুবিধার আওতায় আসবেন।
ফারজানা শারমীন বলেন, সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা এবং সন্তানদের সম্পদে পরিণত করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
এ সময় তিনি চলনবিলকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলার ঘোষণাও দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।