জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয় করেছে বগুড়া সিটি কর্পোরেশন। বুধবার (৯ সেপ্টেম্বর) শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। এদিকে খেলা দেখতে আসা হাজারো দর্শকের স্থান সংকুলান না হওয়া ও দুর্ভোগের চিত্র দেখে মাঠের চারপাশে দ্রুত গ্যালারি নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য সমতায় শেষ হলে ফলাফল নিষ্পত্তিতে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানেও প্রথম চার শটে ৪-৪ সমতা বজায় থাকলে সাডেন ডেথে গড়ায় ম্যাচ। শেষ মুহূর্তে প্রতিপক্ষের শটটি রুখে দিয়ে বগুড়া সিটি কর্পোরেশনকে স্বপ্নের শিরোপা এনে দেন গোলরক্ষক আব্দুল হাকিম। অনন্য নৈপুণ্যের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন। বিজয়ীদের হাতে নগদ তিন লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে দেড় লাখ টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দর্শকরা যেভাবে কষ্ট করে দাঁড়িয়ে ও গাছের ডালে উঠে খেলা দেখছেন, তা চোখে পড়ার মতো। আমি আশ্বস্ত করতে চাই, খুব শিগগিরই এই মাঠের চারপাশে গ্যালারি নির্মাণ করা হবে।
এছাড়া বগুড়ায় আরাফাত রহমান প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের সিদ্ধান্তের কথাও জানান তিনি। এর আগে অনুষ্ঠানে বিশেষ অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা দর্শকদের বসার সুব্যবস্থা না থাকার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, সংসদ সদস্য সুরাইয়া জেরিন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে ১৩টি উপজেলা ও সিটি কর্পোরেশন দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে আশপাশের উঁচু ভবনের ছাদ, গাছের ডাল ও পরিত্যক্ত ফ্লাডলাইটের টাওয়ারে উঠে খেলা উপভোগ করেন হাজার হাজার ফুটবলপ্রেমী। এমনকি ভিড় সামলাতে না পেরে বাসা থেকে কাঠের টুল বয়ে নিয়ে এসে খেলা দেখতে দেখা যায় অনেক দর্শককে।