নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৬৯)-কে বসতভিটা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি নম্বর: ৩৯৮।
গত ৮ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় করা জিডিতে ফাতেমা বেগম উল্লেখ করেন, তিনি দুর্গাপুর উপজেলার থাওশালপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ের জামাই মো. বাবুল মিয়া দীর্ঘদিন ধরে তাঁর বসতভিটা ও জমি জোরপূর্বক ভোগদখলের চেষ্টা করছেন।
জিডিতে ফাতেমা বেগম আরও বলেন, আমি বিধবা এবং ৪ মেয়ে রয়েছে। কোনো ছেলে সন্তান নেই। এ অবস্থায় ওই ব্যক্তি তাঁর বাড়ি ও জমি দখলের চেষ্টা করছেন।
অভিযোগে বলা হয়, ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মো. বাবুল মিয়া তাঁকে হুমকি দিয়ে বলেন, ওই বাড়ি-ভিটা তাঁর এবং সেখানে কেউ এলে তাদের ‘খুন করে ফেলা হবে’। এমন হুমকির পর থেকে তিনি ও তাঁর মেয়েরা নিজেদের বসতবাড়িতে যেতে ভয় পাচ্ছেন।
ফাতেমা বেগমের অভিযোগ, অভিযুক্তের ভয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে ফাতেমা বেগম বলেন, “আমি একজন অসহায় বিধবা বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য'র স্ত্রী। নিজের বসতভিটায় থেকেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি আমার ও পরিবারের নিরাপত্তা বিষয়টির সুষ্ঠু তদন্ত চাই।”
অভিযুক্ত মো. বাবুল মিয়ার হুমকির দেয়ার বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে কল রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।
এ বিষয়ে দুর্গাপুর থানার সাব ইন্সপেক্টর মো. জাকির হোসেন জানান, জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।