ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর অপেশাদার চেয়ারম্যানের পদত্যাগ ও অপসারণসহ ৬ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ বগুড়া মহানগরী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ ইসলামী ব্যাংক বগুড়া শাখা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে ব্যাংক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন মিয়া।
সমাবেশে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শাহীন মিয়া বলেন, "ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অপেশাদার চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দায়িত্ব নেওয়ার তিন মাসের বেশি সময় পার হয়ে গেলেও তিনি ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে ব্যর্থ হয়েছেন। আমরা সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানাচ্ছি।"
সমাবেশে ফোরামের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব ও ব্যবসায়ী নেতা সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসাইন, প্রভাষক আব্দুল হালিম, ডা. আবু বক্কর সিদ্দিক এবং শ্রমিক নেতা মাস্টার আনোয়ারুল ইসলাম প্রমুখ।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ব্যাংকের শেয়ারহোল্ডার, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং সাধারণ আমানতকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।