নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ শ্রমিক। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মত আজকেও শ্রমিকরা চালকলে ধান সেদ্ধ-শুকানোর কাজ করছিলেন। সকাল ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে চালকলটির বয়লার বিস্ফরণ ঘটে। এতে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় শ্রমিকরা দিক বিদিক ছোটাছুটি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়ে। পরে ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা এসে দেখেন চাতালে আব্দুল খালেকসহ কয়েকজন পড়ে আছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করে। আহত অন্য চার শ্রমিক বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সময় ওই চাতালে কাজ করছিলেন এক নারী শ্রমিক বলেন। হঠাৎ করেই বিকট শব্দ হয়। তারপর আর ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছিলো না। ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। চাতাল গুলোতে আমাদের জীবনের কোন নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তার সাথে কাজ করতে চাই।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত শেষে বলা যাবে কি কারনে এই বিস্ফোরণ ঘটেছে। নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের মাঝে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পর চালকল মালিক হাজি ইসারত আলী গা ঢাকা দিয়েছেন।