নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই কোরআন পড়তে পারা ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
আব্বাস প্রামাণিক ওই গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর নাতি রিপন হোসেন জানান, রোববার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। খবর পেয়ে খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের পক্ষ থেকে চিকিৎসক পাঠানো হয়। চিকিৎসাসেবা দেওয়া হলেও সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার জানান, আব্বাস প্রামাণিক ধরে ওই সেবাকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, চশমা ছাড়াই কোরআন পড়তে পারা ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিককে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তিনি আলোচনায় আসেন।