জয়পুরহাটের পাঁচবিবিতে মো. সাকোয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজসংলগ্ন একটি চায়ের টংঘরের পেছন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সাকোয়াত হোসেন উপজেলার আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাকোয়াত তাঁর ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালাতেন। মঙ্গলবার ভাড়ায় চালানোর জন্য অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর মুঠোফোনে কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।
বুধবার সকালে স্থানীয় লোকজন উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে একটি চায়ের টংঘরের পেছনে সাকোয়াতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।