ছোট ও বড়পর্দার পরিচিত মুখ, বরেণ্য অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। এছাড়াও অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব।তাঁর মৃত্যুতে দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সহকর্মী, অভিনয় শিল্পী, কলা কৌশলিরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি নিয়মিত কাজ করতে পারছিলেন না।১৯৭২ সালে ‘এ বাড়ি ও বাড়ি’ নাটকের মাধ্যমে মঞ্চে অভিনয়জীবন শুরু করেন রিনা রহমান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক একক নাটক, অসংখ্য ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।তাঁর অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।