নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জুলাই গণরায় কার্যকরের দাবিতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ১১ দলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। এতে ১১ দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।গণমিছিল পর্ব সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান মাহতাবি, শহর আমীর রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমীর মীর নুরুন্নবী,এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদ হোসেন রনি সহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়।জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ড ও গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।তারা অভিযোগ করেন , সরকার গঠনের ছয়মাস পার হলেও জুলাই গণরায় বাস্তবায়নে সরকার বিলম্ব করছে এবং বিভিন্ন টালবাহানা করছে।অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার পাশাপাশি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করারও আহ্বান জানান তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।