নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হুমায়ুন খালিদের নামে খোলা একটি ভুয়া (ফেইক) ফেসবুক আইডি থেকে তাঁর পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সম্প্রতি মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে মো. হুমায়ুন খালিদ উল্লেখ করেন, "Humayun Khalid Kajal" নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর নাম-পরিচয় ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করা এবং তাঁর কর্মরত দপ্তরের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
জিডিতে আরও বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, গুজব ও মানহানিকর বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় তাঁর ব্যক্তি জীবন, সামাজিক মর্যাদা এবং চাকরিজীবনে বিরূপ প্রভাব পড়ে। এমনকি বিষয়টির পরিপ্রেক্ষিতে তাঁকে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরে তলব করা হয় এবং এ বিষয়ে ব্যাখ্যা দিতে হয়, যা তাঁকে মানসিকভাবে হয়রানির মুখে ফেলে।
এ অবস্থায় ভুয়া আইডির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জিডির বিষয়টি নিশ্চিত করে সেরাদেশ.কমকে বলেন, "এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"