নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী (৩) নামের এক শিশুর মৃ*ত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের সোহেল মন্ডলের মেয়ে।
স্থানীয়রা জানান, বাবার সঙ্গে মাঠে যায় সোহাগী। সোহেল মন্ডল পাওয়ার টিলার দিয়ে আলুর জমি চাষ করার সময় মেয়েকে ক্ষেতের আইলে রাখা হয়েছিল। একপর্যায়ে একটি শিয়াল দেখে ভয় পেয়ে বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কৃষক সোহেল মন্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন। মঙ্গলবার বিকেলে আলুর জমি চাষ করতে মাঠে যাওয়ার সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়েই মাঠে যান তিনি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। শিশুটির মৃ*ত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।