সরকারি ছুটি পেয়ে বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে নেমে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অন্তত ৭ জন স্বজন আহত হয়েছেন। আজ শনিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সরকারি চাকরিজীবী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দুপচাঁচিয়া পৌরসভার কার্য সহকারী পদে চাকরি করতেন। সরকারি ছুটি পেয়ে শুক্রবার উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তার শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। এরপর শনিবার সকালে তিনি মাছ ধরার জন্য পানি সেচ দিতে পুকুরে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের সময় অন্তত ৭ জন আহত হয়েছেন।
ঘটনার খোঁজ নিতে আসেন স্থানিয় জনপ্রতিনিধিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বাসিন্দা জানান, নিহত মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হলে তার শ্বশুর বাড়ির প্রতিবেশীরা তাকে রক্ষা করতে বাড়ির বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কারন বৈদ্যুতিক সংযোগটি ছিলো মেইন খুঁটি থেকে অবৈধভাবে নেওয়া।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া সেরাদেশ.কমকে বলেন, ‘মিজানুরকে তাঁর স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের লোকজন এখনো যোগাযোগ করেনি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’