জয়পুরহাটে ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে শহরের শহিদ ড. আবুল কাশেম ময়দানে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসক আল মামুন মিয়া ও পুলিশ সুপার শাহনাজ বেগমের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পরিষদ, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সকাল ১০টায় শহিদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ ও আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।