আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা নির্ধারিত সময় থেকে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে তাঁদের কাঙ্খিত ফল দেখতে পারবে।
এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে নিজস্ব EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এদিকে, পরীক্ষাকেন্দ্রগুলো নির্ধারিত পদ্ধতিতে ফল সংগ্রহ করতে পারবে।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফল বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়া অনলাইনে ফলাফল ও পুনর্নিরীক্ষণের জন্য পৃথক ওয়েবসাইটে প্রবেশের নির্দেশনাও দিয়েছে বোর্ড। আর পুনর্নিরীক্ষণের আবেদন ১১ তারিখ থেকে শুরু করে ১৭ আগস্ট পর্যন্ত করা যাবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল, পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। আর দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় গত ২৪ মে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল দেওয়ার রেওয়াজ আছে। সেই বিবেচনায় ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনার কথা এর আগে বলেছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে পরে সেটি সম্ভব হয়নি।