নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের লালপুর-বাগাতিপাড়া প্রতিনিধি সজীবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার ঘটনায় ওই তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাংবাদিক সজীবুল হৃদয় বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে যান, কোনো পক্ষের প্রতিপক্ষ নন। ঘটনার পর ছাত্রদল যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, তা ইতিবাচক। ভবিষ্যতে দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক যাতে রাজনৈতিক বা অন্য কোনো পক্ষের হয়রানি কিংবা লাঞ্ছনার শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাশেদুল ইসলাম বলেন, ওইদিন তারা সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি।
লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা পেশাগত দায়িত্ব পালন করবেন, এটি তাদের অধিকার। সাংবাদিক লাঞ্ছনার মতো কর্মকাণ্ড ছাত্রদলের সাংগঠনিক নীতি ও আদর্শের সঙ্গে যায় না। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন কর্মীকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বলেন, ছাত্রদল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকারে বিশ্বাস করে। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দল সমর্থন করে না। অভিযোগ তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই তিন কর্মীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডার একপর্যায়ে সজীবুল হৃদয় ও রাশেদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে। ঘটনার চারদিন পর সংশ্লিষ্টতার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হলো।