বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে তিনদিন ব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরের শেষ দিনে উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, এই দুনিয়া মুমিনের জন্য পরীক্ষার স্থান। আমরা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বাড়িতে থাকতে পারি নাই। আমাদের অনেক ভাই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আবার অনেকে ফাঁসির কাষ্ঠে যেতে হয়েছে। তবুও বাতিলের কাছে মাথা নত করেননি। ধৈর্য ধরে জনগণের অধিকার আদায়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে। এর ফলেই আজ জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হতে পেরেছে।
তিনি আরও বলেন, আজ আমাদের সামনে ইসলামী আন্দোলনের কাজ করার সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই দিন বেশি দূরে নয়, এদেশে কালেমার পতাকা উড়বে। আমরা দেখতে পারছি দেশ থেকে এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে কিন্তু একটি দলের উপর আবার ফ্যাসিস্ট ভর করতেছে। যে জমিনে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত ঝরে সে জমিনে ইসলামের বিজয় হবেই। গত ১৭ বছর আমরা নির্যাতিত ছিলাম। দ্বীনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শহীদেরা আমাদের প্রেরণা। সাবেক আমীরে জামায়াত শহীদ মতিউর রহমান নিজামী দুইটি মন্ত্রণালয় ও শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একটি মন্ত্রণালয় চালিয়েছেন কিন্তু তাদের মন্ত্রণালয়ের এক টাকারও দুর্নীতি খুঁজে পায়নি কেউ। দুর্নীতির সাথে আপোষ করেনি। বাতিলের সাথে আপোষ না করে ফাঁসির মঞ্চে গেছেন তারা। জামায়াতে ইসলামী কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজদের সাথে আপোষ করবে না।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক নাজিমুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ, বগুড়া জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের প্রমুখ। এসময় উপজেলা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমীরগণ উপস্থিত ছিলেন।