বগুড়ার ৫৯৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী দীর্ঘ প্রতিক্ষা শেষে অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া অর্থ বুঝে পেয়েছেন। কোন ভোগান্তি বা হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নিজ নিজ ব্যাংক হিসাবে টাকা জমা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘদিনের বকেয়া নিষ্পত্তিতে সরকার এককালীন সর্বমোট দুই হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মাধ্যমে দেশের ৭০ হাজার ১১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারির বকেয়া পরিশোধ করা হচ্ছে। যার অংশ হিসেবে বগুড়ার ৫৯৩ জন শিক্ষক-কর্মচারি তাদের প্রাপ্য অর্থ পেলেন।
বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন— বগুড়া ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ প্রমুখ।
আয়োজকরা জানান, বগুড়া জেলা পর্যায়ের এই আয়োজনে ১২০ জন সুবিধাভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সরাসরি উপস্থিত ছিলেন। কোনো ধরণের মধ্যস্থতা বা বাড়তি ভোগান্তি ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে টাকা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।