নওগাঁর ধামইরহাটে এপি ওয়ার্ল্ড ভিশনের ব্যানারে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে এপি ওয়ার্ল্ড ভিশন।
সোমবার (১৭ আগষ্ট) দুপুর বারোটার দিকে টিএন্ডটি মোড় এলাকায় এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশনের সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা গেছে, অভিভাবকদের সচেতনতার অভাব ও পরিবারে দরিদ্রতার কারণে উপজেলায় প্রায় ২ হাজার ৩০০ শিশু ঝুঁকিতে রয়েছে। এদের মধ্যে ২ হাজার ১৭৯ বাল্যবিবাহ, ১৭৯ জন শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়া ও শিশু শ্রমের সঙ্গে যুক্ত থাকায় এরা সকলেই ঝুকিতে রয়েছে। তালিকাভুক্ত এসকল শিশুদের ঝুঁকি এড়াতে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন।
বক্তারা জানান, এই তালিকায় মধ্যবিত্ত অনেক পরিবারও রয়েছে। একারণে বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন, শিশুশ্রম বন্ধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করা এবং তাদেরকে শিক্ষার প্রতি মনোযোগী করে গড়ে তোলার জন্য নারী ও শিশুদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের পাশাপাশি ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নারী ও যুবকদের খেলার প্রতি মনোযোগী করে গড়ে তুলতে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন।
বক্তারা আরও জানান, শুধু তাই নয় উপজেলার তালিকাভুক্ত হতদরিদ্র পরিবার, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করতে গবাদিপশু হিসেবে গরু-ছাগল ও সেলাই মেশিন বিতরণ এবং বেকার যুবকদের টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ানসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সার্টিফিকেট দিয়ে সামাজিকভাবে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে চলেছে ওয়ার্ল্ড ভিশন। এ কাজে গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও কামনা করা হয়।
এসময় সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা ডেভিড সাংমা. মামুনুল রশিদ, শিশু সুরক্ষা ও শিশু নিরাপত্তা কর্মকর্তা সারামিতা হালদার, এলভিনা হাসদা, লিউনিডাস বৈদ্যসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন- গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার লাবলু খান।