নেত্রকোনা জেলার আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন দুর্গাপুর পৌর বিএনপির বর্তমান সভাপতি ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান ফরিদ। তাঁকে মেয়র পদে দেখতে চেয়ে ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
আতাউর রহমান ফরিদকে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে কর্মীদের নিয়ে কাজ শুরু করছেন। তিনি সাবেক ৬নং কুল্লাগড়া ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, দুর্গাপুর পৌর শাখা বিএনপির সংগ্রামী সফল আহ্বায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বিএনপির দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক, নির্বাচিত সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বারবার কারা নির্যাতিত এবং জিয়া পরিবারের বিশ্বস্ত কর্মী হিসেবে কাজ করছেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় আতাউর রহমান ফরিদ বিএনপির বিভিন্ন পর্যায়ের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। দলীয় কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগকে সামনে রেখে মেয়র পদে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁর অনুসারীরা।
স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আতাউর রহমান ফরিদ দীর্ঘদিন ধরে দুর্গাপুরের রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। বর্তমানে দুর্গাপুর পৌরসভা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন। পৌরবাসীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগও রয়েছে বলে দাবি তাঁর সমর্থকদের।
আতাউর রহমান ফরিদের সমর্থকদের প্রত্যাশা, দলীয় সিদ্ধান্তে মেয়র পদে তাঁকে মনোনয়ন দেওয়া হলে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে পৌর নির্বাচনে শক্তিশালী অবস্থান তৈরি করা সম্ভব হবে।
একই সঙ্গে দুর্গাপুর পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, রাস্তাঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করছেন।
এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার বিএনপির মনোনয়ন নিয়ে আতাউর রহমান ফরিদ বলেন, দলীয় সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত। বিএনপি যদি তাঁকে মেয়র পদে মনোনয়ন দেয়, তাহলে দলের সর্বস্তরের নেতাকর্মী ও পৌরবাসীকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করতে চান তিনি।