রবিবার (২৩ আগস্ট) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া'র সহকারী কমিশনার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমান ও মোঃ কাজিম রেজা চৌধুরী এঁর নেতৃত্বে "মি. কেক এর কারখানা" ফুলবাড়ী, উত্তর-মধ্য পাড়া, বগুড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক প্রস্তুত করতে দেখা যায়। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট তৈরি করতে দেখা যায়। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্য সংরক্ষণ করতে দেখা যায় শিশুখাদ্য "জন্মদিনের কেক" প্রস্তুতে কর্মরত খাদ্যকর্মীগণ নূন্যতম স্বাস্থ বিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।
এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় কেক তৈরীর উদ্দেশ্যে সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন, এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।