পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলার শান্তিনগরে জগডুম্বর গোলজার উলুম দাখিল মাদ্রাসায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক সূত্রে জানা গেছে, ১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি ‘রাসুল (সা.)-এর জীবন ও আদর্শ’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসার সভাপতি মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. আব্দুল খালেক। এছাড়া মাদ্রাসার সুপার মো. মামুনুর রশীদ, সহকারী সুপার মো. আব্দুল হান্নান, সাবেক শিক্ষক মো. খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মো. রুহুল আমিন ও মো. আবু তাহেরসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক, তাঁর সত্যবাদিতা, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, মানবিকতা ও শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ বিকাশে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তা ব্যক্তিজীবনে বাস্তবায়নের মাধ্যমে সুন্দর ও নৈতিক সমাজ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।