জয়পুরহাটের ক্ষেতলালে এক সন্তানের জননী সন্তান কোলে নিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি পূর্বপাড়া গ্রামে সিয়ামের বাড়িতে অবস্থান করছেন গৃহবধূ সাবিনা ইয়াসমিন।
গৃহবধূ সাবিনার দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিয়ে সিয়াম তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
পরে সিয়াম অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জানতে পেরে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেন।
শুক্রবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, সন্তান কোলে নিয়ে সিয়ামের দরজায় বিয়ের দাবিতে অনশনে বসেন সিয়াম ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
গৃহবধূ সাবিনা বলেন,সিয়াম আমাকে বিয়ের আশ্বাস দিয়েছে। সে না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।
তবে সাবিনার অভিযোগের বিষয়ে সিয়ামের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ঘটনাটি জানার পর স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান,খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
