জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে নাটোরে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে নাটোরে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ও যুগ্মসচিব ড. চিত্রলেখা নাজনীন। এ সময় নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, নাটোর পৌরসভার প্রতিনিধি, স্কাউটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।