বগুড়ায় সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামানের প্রত্যাহারের দাবিতে জেলা আইনজীবী সমিতি আহুত আদালত বর্জনের কারণে বিচারপ্রার্থী সাধারণ মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচেনায় এবং বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবে আগামীকাল বারের জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি)।
আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামানের অপসারণ ও প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরে জেলা আইনজীবী সমিতি বিচারকার্য বর্জনের কর্মসূচি পালন করে আসছে। এতে করে বগুড়া আদালত অঙ্গনে অচলাবস্থার সৃষ্টি হয় এবং দূর-দূরান্ত থেকে আসা শত শত বিচারপ্রার্থী মানুষ প্রতিদিন বিচার না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, দীর্ঘদিনের এই অচলাবস্থা এবং সাধারণ বিচারপ্রার্থী মানুষের চরম ভোগান্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। উচ্চপর্যায়ের নির্দেশনা এবং বিচার বিভাগের সাথে বারের সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বিচারপ্রার্থীদের দুর্ভোগ নিরসন ও আদালতের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে আগামীকাল দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পূর্বের বর্জন কর্মসূচি শিথিলকরণসহ উদ্ভূত পরিস্থিতি নিরসনে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।