ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চাকরাইল রিজওয়ান ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমূখ।
পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার জন্য এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে ৩য় ডোজ টিকা প্রয়োগের সময় বাদ পড়া ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে ৪র্থ ডোজ পিপিআর টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে খামারি ও পশুপালকদের তাদের ছাগল-ভেড়াকে নির্ধারিত সময়ে টিকা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী জানান, পিপিআর ছাগল ও ভেড়ার একটি সংক্রামক রোগ। রোগটি নিয়ন্ত্রণে সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত উপজেলার ৫৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হবে।