দীর্ঘ প্রায় ১৫ বছর পর বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ কাঁচাবাজার ও মাছের বাজার আবারও সরকারি নির্ধারিত পুরোনো স্থানে স্থানান্তর করা হয়েছে। এতে ব্যবসায়ী, ক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুরুজ বাজার প্রথমদিকে সরকারি জায়গায় স্থাপিত হলেও বিভিন্ন কারণে পরবর্তীতে কাঁচাবাজারটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ব্যবসায়ীরা বাধ্য হয়ে সড়কের ওপর দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করতে থাকেন। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরে বাজারটি নির্ধারিত স্থান থেকে অন্যত্র পরিচালিত হওয়ায় ব্যবসা-বাণিজ্য, যান চলাচল এবং বাজার ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে একাধিকবার দাবি উত্থাপনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে বাজারটি পুনরায় সরকারি নির্ধারিত স্থানে স্থানান্তর করে।
এদিকে বাজার চালুর আগে সেখানে নানা জায়গায় বৃষ্টির পানি জমে থাকায় ব্যবসা পরিচালনায় সমস্যা হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে নেপালতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন নিজ উদ্যোগে এক ট্রাক বালু সরবরাহ করেন। এতে নিচু স্থানগুলো ভরাট হওয়ায় বাজারে পানি জমার সমস্যা অনেকটাই নিরসন হয়। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচল সহজ হয়েছে।
বিএনপি নেতা ও আসন্ন নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদুর রহমান সুজন সেরাদেশ.কমকে বলেন, ‘আমি সব সময় জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। মানুষের সুবিধার কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
ব্যবসায়ী গোলাম মোস্তফা জানান, পুরোনো স্থানে ফিরে আসায় দোকান পরিচালনা সহজ হয়েছে এবং ক্রেতাদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে। বাজারে পর্যাপ্ত জায়গা থাকায় কেনাবেচার পরিবেশ আগের তুলনায় অনেক ভালো হয়েছে।
আবদুর রহমান নামের এক ক্রেতা জানান, নতুন স্থানে বাজার করাটা এখন অনেক বেশি স্বস্তিদায়ক। ভিড় ও যানজট কমে যাওয়ায় সহজেই বাজারে আসা-যাওয়া করা যাচ্ছে এবং মাছ, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটাও সুবিধাজনক হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফরিদ হোসেন ও আবুল কালাম আজাদ সহ বেশ কয়েকজন বাসিন্দারা আশা প্রকাশ করেন, বাজারটি সরকারি নির্ধারিত স্থানেই স্থায়ীভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতে বাজারের অবকাঠামো ও পরিবেশ আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সেরা/জেন্টু/আ-৫