শিক্ষা, গবেষণা, সামাজিক সেবা, নীতি-চিন্তা, শান্তি ও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে একটি জ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক চিন্তাচর্চার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে গ্রীন পলিসি মুভমেন্টের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর কবীর, এসপিপি। সদস্য সচিব ও প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মহিউদ্দিন ( বন্ধু)।
সংগঠনটির ঘোষিত মূল লক্ষ্য— “স্বর্গভূমি বাংলাদেশ, শান্তিময় বিশ্ব”। এই লক্ষ্যকে সামনে রেখে নীতি প্রণয়ন, শান্তি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে একটি মানবিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ এবং বিশ্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রীন পলিসি মুভমেন্ট একটি সামাজিক ও সার্বজনীন বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান হিসেবে জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতার সমন্বয়ে জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে গবেষণাভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতে চায়।
এ লক্ষ্যে দেশের অবসরপ্রাপ্ত সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, পেশাজীবী এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তরুণ-যুবক, সমাজসেবক, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদেরও এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও রাজনৈতিক পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও শান্তি, মানবিকতা ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যে মানুষকে একত্রিত করাই তাদের অন্যতম উদ্দেশ্য। সংগঠনটির ঘোষিত বার্তা— “জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল যার যার—গ্রীন পলিসি মুভমেন্ট সবার, শান্তির, কল্যাণের।”
গ্রীন পলিসি মুভমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে একটি মানবিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য দেশ ও বিদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে।
সংগঠনটির আহ্বান-“জ্ঞান ও সেবার মাধ্যমে-বাংলাদেশকে গড়ি স্বর্গভূমি, বিশ্বকে গড়ি শান্তিময়।”
তাদের অনুপ্রেরণামূলক স্লোগান হিসেবে রয়েছে-“ভালো ভাববো, ভালো করবো, ভালোবাসা ছড়াবো।"