চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জড়ানো অভিনেতা ও জাসাস নেতা আশরাফুল হক ডনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় ডনের বাড়ির সামনে তার শৈশবের বন্ধু ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ডনের ছোটবেলার বন্ধু জোসেফ বলেন, ছোটবেলা থেকেই ডন উদার ও ভালো মনের মানুষ হিসেবে পরিচিত। তিনি ভালো ফুটবল খেলোয়াড় এবং সাংস্কৃতিমনা। পাশাপাশি সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই খুনের মতো নিকৃষ্ট কর্মকাণ্ডের সঙ্গে ডন জড়িত থাকতে পারেন—এমনটা তারা বিশ্বাস করেন না।
ডনের প্রতিবেশী আইনুল বলেন, সালমান শাহ ছিলেন নায়ক আর ডন খলনায়ক চরিত্রে অভিনয় করতেন—এ কারণে তাদের মধ্যে বাস্তব জীবনে হিংসা বা বিদ্বেষ ছিল, এমন ধারণা ঠিক নয়। তার দাবি, সালমান শাহের মৃত্যুর দিন ডন বগুড়ায় অবস্থান করছিলেন। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার পাশাপাশি ডনকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে ডনের বাসার রাঁধুনিও বক্তব্য দেন। তিনি জানান, সালমান শাহের মৃত্যুর প্রায় তিন দিন আগে থেকেই ডন বগুড়ায় ছিলেন। মৃত্যুর খবর আসার আগের রাতেও এবং ঘটনার দিনও তিনি ডনের জন্য খাবার রান্না করেছিলেন। খাবার খেয়ে ডন বন্ধুদের নিয়ে নৌকা ভ্রমণে গিয়েছিলেন। সেসময়ই সালমান শাহের মৃত্যুর খবর আসে বলে তিনি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সালমান শাহের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ডনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।