বগুড়া সদর উপজেলার বাদুরতলা (বেগম বাজার লেন) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ পিস ইয়াবাসহ আমেনা (৫৯) নামে এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আমেনা (৫৯) বগুড়া সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বাদুরতলা (বেগম বাজার লেন) এলাকার বাসিন্দা। তার স্বামী মো. মঞ্জু শেখ এবং পিতা মৃত আলা বক্স।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাদুরতলা এলাকায় আমেনার নিজ দখলীয় বসতবাড়িতে ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার খবর পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতবাড়ি ও দেহ তল্লাশি করা হয়। এ সময় একটি কালো রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ দশমিক ০১ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।