নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম মাধনগর নওপাড়া এলাকায় মাদকবিরোধী টহল ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. মেহেদী হাসান (২২) ও মো. সিরাজুল ইসলাম (৫৫) নামে তিনজনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম পশ্চিম মাধনগর এলাকার মৃত দুলাল মণ্ডলের ছেলে, মেহেদী হাসান একই এলাকার মো. সাইদুলর ইসলামের ছেলে এবং সিরাজুল ইসলাম মৃত আহাদ আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।
সহকারী কমিশনার ভূমি মোঃ শামীম হোসেন বলেন, নলডাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।