বগুড়ার সারিয়াকান্দির বরুরবাড়ী স্বপ্নবাস্তবায়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারে। সেখানে মেম্বার একাদশকে হারিয়ে বিজয়ী হয় হাজিবাড়ী একাদশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় নিজ বরুরবাড়ী চারমাথা সংলগ্ন চালুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব খন্দকার মোঃ আমীর আলী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিক আহমেদ ফাত্তাহ, প্যাথলজিস্ট, কোয়ারান্টাইন, বিমানবন্দর, ঢাকা। খেলার উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন মোল্লা, সহকারী প্রকৌশলী (অবঃ), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোঃ মেহেদী হাসান আলো, চেয়ারম্যান, হাটশেরপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মেহেদী হাসান শিলু, ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড, হাটশেরপুর ইউনিয়ন পরিষদ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় মেম্বার একাদশ বনাম হাজিবাড়ী একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত সময়ের পুরো খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।
শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হয়। টাইব্রেকারে উভয় দল পাঁচটি করে শট নেওয়ার সুযোগ পায়। মেম্বার একাদশের কোনো খেলোয়াড়ই গোল করতে পারেননি। বিপরীতে হাজিবাড়ী একাদশ পাঁচ শটের মধ্যে দুটি গোল করে জয় নিশ্চিত করে।
এর মধ্য দিয়ে হাজিবাড়ী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি খাঁসি ছাগল তুলে দেওয়া হয়।
খেলা পরিচালনা করেন মোঃ আব্দুল মোত্তালেব আলম, সহকারী শিক্ষক, চর-গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল ওয়াহাব মিল্লাত।
খেলায় চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খোয়ানোর জিদান বিন আতিক।
খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং তাদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।